ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চুরি যাওয়া গাড়ির বিপুল পরিমাণ যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলাম শফিক (৩০), রফিকুল ইসলাম (২৬) ও ইমরান হোসেনের (২৮) কাছ থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে চুরি করা ২০টি গাড়ির ড্যাশবোর্ড, স্পিডোমিটার, অডিও সেট, স্টিয়ারিং হুইল, বনেট গ্রিল ও মিরর উদ্ধার করা হয়।
উদ্ধার করা যন্ত্রাংশের দাম কমপক্ষে এক কোটি টাকা বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যন্ত্রাংশ চুরির পর তা বেশ সাজিয়ে-গুছিয়ে রেখেছিল চোরেরা। প্রতিটি গাড়ির যন্ত্রাংশ আলাদা বস্তায় ভরে বস্তার গায়ে চুরির তারিখ, গাড়ির মডেল ও চুরির স্থান লিখে রাখা হয়েছিল। পরে ওই গাড়ির মালিকদের কাছেই এই যন্ত্রাংশগুলো বিক্রি করা হতো বলে ধারণা করা হচ্ছে।
গোলাম মোস্তফা আরও জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এ চক্রের সদস্যরা বাড়ির গ্যারেজের তালা ভেঙে বা পার্কিং লটে ঢুকে খুব দ্রুত গাড়ির যন্ত্রাংশ খুলে সটকে পড়ে। পরে নিরুপায় মালিকরা বাধ্য হয়ে চুরি যাওয়া যন্ত্রাংশ কিনতে বাধ্য হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/২৩৫৮ঘ.
bdnews24