২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার সন্ধ্যায় বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

সাভার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার সন্ধ্যায় বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। প্রতিষ্ঠানের ভেতরে দক্ষিণ দিকের সীমানা প্রাচীরের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এটি উদ্ধার করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার করা বস্তুটি শক্তিশালী বোমা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।" একই থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বোমা সদৃশ বস্তুটি দেখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সিলভার রং এর বড় একটি কৌটা উদ্ধার করে। এটি নিষ্ক্রিয় করতে থানায় পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম আরও বলেন, "উদ্ধার করা বস্তুটি দেখতে ককটেলের মতো। তবে পরীক্ষার পরই তা বোমা কিনা নিশ্চিত হওয়া যাবে।" প্রতিষ্ঠানটির মহাপরিচালক আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২২৩ ঘ.