২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসের মামলায় রিমান্ড শেষে আতাউল কারাগারে

সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় গ্রেপ্তার আতাউল হুদাকে চার দিন জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় গ্রেপ্তার আতাউল হুদাকে চার দিন জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী আর কোনো রিমান্ড আবেদন না থাকায় আতাউলের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর আবেদনে গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার আকবর হোসেন বলেন, গত ২১ অক্টোবর তাপসের গাড়িতে বোমা হামলার ঘটনার পর আতাউল চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পালিয়ে গিয়ে ফ্রিডম পার্টির নেতাকর্মীদের সঙ্গে সভা করেন। বোমা হামলার ঘটনায় তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা যাচাই বাছাই করা হচ্ছে। গত ৪ নভেম্বর চুয়াডাঙ্গা থেকে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি বজলুল হুদার ভাইপো আতাউলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাপস অভিযোগ করেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্তদের আত্মীয়-স্বজন মামলার রায় ভিন্নমুখে নিতে এ কাজ করে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২১৪৭ঘ.