২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে ইউএসএআইডি

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে সহায়তা দেবে মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে সহায়তা দেবে মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি। এছাড়া বিশ্ব খাদ্য নিরাপত্তায় গঠন হতে যাওয়া ২০ বিলিয়ন ডলারের তহবিল থেকেও সাহায্য পাবে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে ঢাকাস্থ মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল একথা জানান। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টির নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আরো ছিলেন ইউএসএআইডি'র মিশন ডিরেক্টর ডেনিস রলিন্স ও ইউএসএআইডি ওয়াশিংটনের কৃষি অফিসের পরিচালক জোসেট লুইস। সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি খাদ্য নিরাপত্তার জন্য বাংলাদেশের কৌশল ও কর্মসূচি সম্পর্কে মন্ত্রীর কাছে জানতে চান বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স.ম. গোলাম কিবরিয়া। জনসংযোগ কর্মকর্তা জানান, মার্কিন কর্মকর্তাদের কাছে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সরকারের অবস্থান তুলে ধরে বলেন, খাদ্য নিরাপত্তার জন্য সরকার দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিয়েছে। তিনি উল্লেখ করেন, কৃষিখাতে গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং তার প্রয়োগের ফলে উৎপাদন অনেক বেড়েছে। ইউএসআইডি গবেষণা খাতে সহযোগিতা করে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা করতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী। আইডিইবি-র সেমিনার পরে খাদ্যমন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে 'পরিবর্তনের জন্য প্রযুক্তি' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। বতৃতায় আব্দুর রাজ্জাক বলেন, আগে দেশে বিঘা প্রতি দেড় থেকে দু'মণ ধান উৎপাদন হতো। বর্তমানে তা ৩০ থেকে ৪০ মণে উন্নীত হয়েছে। এ অর্জন সম্ভব হয়েছে প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে। সংগঠনের সভাপতি এম আর খাইরুল ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫৩ঘ.