ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ চার কৌসুলী বলেছেন, জাতীয় সংস্কৃতি, মূল্যবোধ ও দেশের সব প্রতিষ্ঠানকে ধংস করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। পঁচাত্তরের পনের আগস্ট জাতিকে হাইজ্যাক করা হয়েছিল।
তারা আরো বলেন, ওই সময় চালু করা দায়মুক্তির সংস্কৃতি আইনের শাসন, মানবাধিকার ও সংবিধানের প্রতি অবমাননা।
মঙ্গলবার বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের ২৭তম দিনের শুনানিতে তারা এসব পর্যবেক্ষণ তুলে ধরেন। সকাল পৌনে দশটা থেকে দুপুর একটা ৩৫ মিনিট পর্যন্ত এ শুনানি চলে।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলী আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, আব্দুল মতিন খসরু ও এএফএম মেসবাহউদ্দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলী আনিসুল হক বুধবার আবারও ২৯ মিনিট যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
শুনানিতে আজমালুল হোসেন কিউসি বলেন, "পঁচাত্তরের পনের আগস্ট জাতিকে হাইজ্যাক করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের বিচার না করতে পারায় দেশে বিপর্যয় দেখা দিয়েছিল। হত্যাকাণ্ডের পর ক্ষমতার চরম অপব্যবহার করা হয়েছে।"
তিনি বলেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চে দুই বিচারপতির কেবল মতভিন্নতার বিষয়টুকু মীমাংসা করে তৃতীয় বিচারপতি যথাযথ রায় দিয়েছেন।
দেরিতে মামলা দায়ের করার যথাযথ কারণ ছিল মন্তব্য করে তিনি বলেন, এমনকি নিু আদালত ও হাইকোর্ট সবকিছু পর্যালোচনা করে রায় দিয়েছে। আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে থাকারা তখন দায়িত্ব পালন করেনি। ওই সময় সরকারের উচিত ছিল আইন-শৃংখলা রক্ষা করা।
আজমালুল বলেন, "তখন আইন-শৃংখলা বাহিনী, সামরিক বাহিনীর প্রধানগণ, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, স্বরাষ্ট্র সচিবসহ রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত বড় থেকে ছোট পর্যায়ের কেউই তাদের দায়িত্ব পালন করেননি। কেউ বিচারের উদ্যোগ নেননি। সকলে ব্যর্থ হয়েছে।"
তিনি বলেন, "সামরিক বাহিনীর সদস্যরা প্রজাতন্ত্র, রাষ্ট্রপতি ও সংবিধান রক্ষার শপথ নেন। কিন্তু জীবন বিসর্জন দিয়ে হলেও শপথ রক্ষার কথা থাকলেও তারা শপথ ভঙ্গ করেছেন।"
আজমালুল হোসেন বলেন, হাইকোর্ট বিভাগ নানা বিষয়ে সুয়োমটো রুল জারি করে। কিন্তু এ হত্যার বিচার না হওয়ার বিষয় নিয়ে তখন কোন সুয়োমটো রুল জারি করা হয়নি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আদালত থেকে কোন নিরপেক্ষতা পাওয়া যায়নি এবং ওই সময় বিচার বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে- এ অভিমত দিয়ে তিনি এ বিষয়টি রায়ে উল্লেখ করার পক্ষে যুুক্তি তুলে ধরেন।
৭৫ এর ২৬ সেপ্টেম্বর দায়মুক্তি অধ্যাদেশ জারি করার কথা উল্লেখ করে আজমালুল হোসেন বলেন, "ওই সময় অবসরপ্রাপ্ত ও চাকুরিচ্যুত সেনা কর্মকর্তাদের দায়মুক্তির সনদ না দিয়েও চাকুরিতে পুনর্বহাল ও বেতন ভাতাদি দেওয়া হয়েছে। এ বিষয়টি আইনের শাসন ও সংবিধান পরিপন্থী। তখনকার সরকারের এসব অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি।"
বিচারের ধরণ প্রসঙ্গে আজমালুল হোসেন বলেন, হত্যার বিচার করার কোন বিধান সেনা আইনে নেই। সেনা বিদ্রোহের বিচার সেনা আইনে হতে পারে। হত্যার বিচার হবে সাধারণ আইনে দায়রা আদালতে।
এর পর শুনানি করেন অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চরিত্র, সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন করা হয়েছে।
বঙ্গবন্ধু হত্যার পুনরায় বিচার দাবি করে আসামীপক্ষের দেওয়া যুক্তি খণ্ডণ করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পুনরায় বিচার করার কোন সুযোগ নেই।
তৌফিক নেওয়াজ বলেন, "অসংবিধানিক কর্মকাণ্ডে সংবিধানকে খাটো করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও তাই করা হয়েছে।"
এসব সাংবিধানিক বিষয় রায়ে অন্তর্ভূক্ত করার আর্জি জানান তিনি।
এরপর বিশেষ কৌসুলী আব্দুল মতিন খসরু বলেন, ১৯৭৫ সালে দায়মুক্তি অধ্যাদেশ জারি করা হলেও সংবিধান স্থগিত করা হয়নি। তখন উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, স্পিকার আবদুল মালেক উকিল ছিলেন। তাদের বদলে (খন্দকার) মোশতাকের রাষ্ট্রপতি হওয়ার কোন বৈধতা নেই।
তিনি বলেন, দায়মুক্তির সংস্কৃতি আইনের শাসন, মানবাধিকার ও সংবিধানের প্রতি অবমাননা। বঙ্গবন্ধুর খুনিদের পরবর্তী সরকার পুনর্বাসিত করেছে। খুনিদের চাকুরি দেওয়া হয়েছে, সংসদের বিরোধীদলীয় নেতা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আরেক কৌসুলী এএফএম মেজবাহউদ্দিন শুনানিতে আবেগাপ্লুত হয়ে বলেন, পনের আগস্ট হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে রাত আড়াইটার সময় তিনি শেখ মনির বাসা থেকে বের হয়ে যান।
মেজবাহউদ্দিন বলেন, "শেখ মনি ছিল আমার নেতা। আজ তার ছেলে শেখ ফজলে নূর তাপসকে সঙ্গে নিয়ে এ হত্যাকাণ্ডের বিচারের জন্য দাঁড়িয়েছি।"
তিনি বলেন, বাঙালি জাতি আজ এ হত্যাকাণ্ডের বিচার চায়। সারা জাতির মতো আইনজীবীরাও এ হত্যাকাণ্ডের বিচার চায়। জাতি আজ কলংকমুক্ত হতে চায়।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু হত্যার ঘটনার দীর্ঘদিন পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০৫৫ঘ.
bdnews24