হবিগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ-সিলেট সড়কে চলাচলকারী বিরতিহীন বাস মালিকদের দু'টি পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর থেকে হবিগঞ্জ-সিলেট পথে বাস চলাচল বন্ধ রয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের জানান, হবিগঞ্জ বাস মালিক সমিতির একটি অংশ আলাদ হয়ে হবিগঞ্জ-সিলেট-সুনামগঞ্জ সড়কে আরেকটি বাস সার্ভিস চালু করেন। এ অংশের নেতৃত্বে আছেন পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাইয়ুম।
এ নিয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান গ্র"পের সঙ্গে কয়েক মাস ধরে তাদের বিরোধ চলছিল।
ওসি জানান, দুপুরে জেলার শায়েস্তাগঞ্জে শফিকুর রহমানের সমর্থকরা প্রতিপক্ষের দু'টি বাস ভাংচুর করে। এই খবর পাওয়ার পর হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় আরো অন্তত ২৩টি বাস ভাংচুর হয়।
তিনি জানান, সংঘর্ষে আহতদের মধ্যে ১৬-১৭ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৭ ঘ.
bdnews24