মেহেরপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার বাউট বাজার থেকে মঙ্গলবার সকালে চারটি তাজা বোমা এবং ভারতীয় কাপড়সহ একজনকে আটক করেছে পুলিশ।
গাংনী থানার ওসি সগীর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাংনীর বাউট বাজারের কয়েকটি স্থানে সকাল ৬টার দিকে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য বোমাগুলি আনা হয়েছিল বলে ধারণা করছেন তারা। পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করতে পানি ভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে।
এছাড়া মেহেরপুর শহরের বামনপাড়া এলাকা থেকে প্রায় তিন লাখ টাকার ভারতীয় কাপড়সহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক মজিদ মণ্ডল (৩৯) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিরামপুর গ্রামের বদর উদ্দিন মণ্ডলের ছেলে।
মেহেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জালাল উদ্দিন জানান, মজিদ সকাল ৯টার দিকে ভারতীয় প্যান্টস ও শার্টের পিস বস্তায় করে সাইকেলে চুয়াডাঙ্গা নিয়ে যাচ্ছিলেন।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৫৫ ঘ.
bdnews24