ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার রাত দুইটা থেকে রোববার রাত নয়টা পর্যন্ত ১৯ ঘণ্টায় আলাদা ঘটনায় রাজধানীতে পাঁচজন খুন হয়েছেন।
এর মধ্যে ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন দু'জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে তাদের গুলিতে মারা যান মোহাম্মদপুর সরকারি আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা পরিমল কর্মকার (৩৫)।
রোববার রাত নয়টার দিকে তাজমহল রোডে বিদ্যালয়টির সামনে পরিমলকে (৩৫) গুলি করে ছিনতাইকারীরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাত ১০টা পর্যন্ত পুলিশ কিছু জানে না বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আতাউর রহমান।
রোববার ভোরে কদমতলী থানা এলাকার দ্বিতীয় বালুর মাঠে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তরা আব্দুস সালাম নামে এক নিরাপত্তা প্রহরীকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কদমতলী থানার উপ-পরিদর্শক সাদেক আলী জানান, সালামের আহত হওয়ার তারা জানতেন।
সূত্রাপুরে নিহত ব্যবসায়ী রাজ্জাকের শ্যালক টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে রজনী বোস লেনে নিজের কারখানায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজ্জাককে ছুরি মেরে তার মোবাইল ফোন নিয়ে যায় দৃর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মতিঝিল থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, রোববার সকালে ১০ টয়েনবি সার্কুলার রোডের টিনশেড বাসা থেকে ব্যবসায়ী সাদ্দামের লাশ উদ্ধার করে পুলিশ। তার হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।
দুই রেস্তোরাঁ কর্মচারির সঙ্গে ওই বাড়িতে থাকতেন সাদ্দাম। এ ঘটনার পর তাদের খুঁজে পাওয়া যায়নি।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক জায়েদ নূর জানান, শনিবার রাত আড়াইটার দিকে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের হারুন আই ফাউন্ডেশনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (২৬) যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল চেক লুঙ্গি ও চেক শার্ট। তার দু' হাতে ও পায়ে জখম ছিল।
পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, দারুসসালাম থানার কল্যাণপুর এলাকায় তাকে মারধর করা হয়েছিল।
এছাড়া ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক শামসুল হক জানান, ধানমণ্ডির ৯ নম্বর সড়কের ২৬ নম্বর বাসার ছয়তলা থেকে পড়ে নিহত হয়েছে সুমাইয়া কবীর এথিনা (১৬)। এথিনা ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের 'এ' লেভেলের ছাত্রী। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৯ঘ.
bdnews24