গাজীপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের সংঘর্ষ এবং হতাহতের ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার দেওয়া হতে পারে।
শনিবার কমিটির আহবায়ক শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আতাহারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
গত ৩১ অক্টোবর টঙ্গীর নিপ্পন গার্মেন্টেস বন্ধ ঘোষণার জেরে কারাখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হন।
এই ঘটনায় পরদিন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। ৫ নভেম্বর থেকে কমিটি তদন্ত কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মতিন মাস্টার।
তিনি জানান, শনিবার সকাল থেকে তদন্ত কমিটি নিপ্পন কারখানার ভেতরে এবং এরশাদ নগর এলাকায় কয়েক ভাগে বিভক্ত হয়ে কারখানার কর্মকর্তা, শ্রমিক, প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাক্ষাৎকার নেন।
সাক্ষাৎকার দিয়েছেন সংঘর্ষে নিহত ভ্যান চালক বাবুল শেখের স্ত্রী নিপ্পন কারখানার শ্রমিক রোকসানা, কারখানার কর্মকর্তা মো. আলী আশরাফ বাদশা, মেইন্টেন্যান্স ইনচার্জ মো. হোসেন, প্রধান কার্যালয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, টাইমকিপার রোকনসহ কয়েকজন।
তদন্ত কাজে অংশ নেন কমিটির আহবায়ক শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আতাহারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সিদ্দিকুল্লাহ ভূঁইয়া, বিজিএমইএ'র পরিচালক মো. নাসির উদ্দিন, বিকেএমইএ'র পরিচালক মো. ফজলে শামীম এহসান, শ্রমিক লীগের কেন্দ্রীর সভাপতি আব্দুল মতিন মাস্টার, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আমিনুল ইসলাম ও মাসুদ মিয়া, অতিরিক্ত শ্রম পরিচালক আব্দুল কাইয়ুম সরদার, সিনিয়র সহকারী সচিব মো. শমশের আলী প্রমুখ।
কমিটির আহবায়ক মো. আতাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী ৯ নভেম্বর বিজিএমইএ কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ৮ নভেম্বর গাজীপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশসহ অন্য কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।
১১ নভেম্ববর প্রতিবেদন দেওয়া হবে বলে তিনি প্রকাশ করেন।
আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আরো কেউ মারা গেছে কিনা তার জন্য বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে। এ কাজে ঘটনার সময়ের ভিডিও ফুটেজ, স্থির চিত্র, তথ্য যাচাই, নিরাপত্তাকর্মী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্তদের সাক্ষাতকার নেওয়া হবে।
সক্ষাতকার শেষে স্থানীয় আজমেরি হোটেলের মালিক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন সকালে তার হোটেল বয় আরিফকে (১৫) হোটেলের দরজা ভেঙে পুলিশ গ্রেপ্তার করে।
এরশাদ নগর এলাকার জাহানারা বেগম (৪৫) বলেন, তার মেয়ে নিপ্পনের অপারেটর মুক্তাকে নিতে এসে পুলিশের লাঠির আঘাতে তার বাম হাতের হাড় ভেঙে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩১ ঘ.
bdnews24