চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালককে হত্যার পর অটো রিকশা চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ষোলশহর, অক্সিজেন ও হাটহাজারীর বটতল এলাকায় বৃহস্পতিবার থেকে টানা তিনদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সাইফুল ইসলাম, জামাল হোসেন (২৪), মোহাম্মদ হারুন (২৫), মোহাম্মদ আজম (২০), মোহাম্মদ নাজিম(২৪) ও ওহিদুল আলম ওরফে শিমুল (২২)।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদের সবাই সিএনজি অটো রিকশা চোর চক্রের সদস্য। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফটিকছড়ি উপজেলার হোয়াকো এলাকা থেকে একটি চোরাই অটো রিকশাও উদ্ধার করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, দিনের বেলা যাত্রীবাহী বাসের সহকারী হিসেবে কাজ করলেও রাতের বেলা তারা সিএনজি অটো রিকশা চুরি করতো। এ চক্রের সদস্যরা সিএনজি অটো রিকশা চুরির জন্য প্রয়োজনে চালককে খুন করতেও দ্বিধা করতো না।
"চক্রটি গত দুইমাসে তিন চালককে খুন করে তাদের গাড়ি চুরি করেছে", বলেন বাবুল আক্তার।
তিনি আরো জানান, বৃহস্পতিবার ভোর রাতে হাটহাজারীর বটতল থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে বাকি পাঁচজনকেও ধরা হয়। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২২০৬ঘ.
bdnews24