২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরী হত্যা ও গুলিবর্ষণের ঘটনায় বিএসএফ'র দুঃখ প্রকাশ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশি এক কিশোরীকে হত্যা এবং গুলি করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

কুড়িগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশি এক কিশোরীকে হত্যা এবং গুলি করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। শনিবার বিডিআর'র কড়া প্রতিবাদের পরিপ্রেক্ষিতে দুপক্ষের পতাকা বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ৬ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান। পতাকা বৈঠক থেকে ফিরে আসার পর তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলেও বিএসএফ প্রতিশ্র"তি দিয়েছে। শুক্রবার বিকেলে রৌমারীর ভন্দুরচর সীমান্তের কালো দেওয়ানীর ঘাট এলাকার চরে কাশফুল কাটতে গেলে ভারতের সাহাপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানদের গুলিতে মঞ্জুয়ারা (১৩) নামের ওই কিশোরী নিহত হয়। এ ঘটনার পর থেকে বিএসএফ রাত ১০টা পর্যন্ত থেমে থেমে সীমান্তে গুলিবর্ষণ করে। এই কারণে সীমান্তের কয়েকটি গ্রামের লোকজনকে সরিয়ে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বিডিআর ঘটনাস্থল থেকে নিহত কিশোরী মঞ্জুয়ারার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। রৌমারী থানার ওসি কফিল উদ্দিন জানান, মঞ্জুয়ারা বন্ধুরচর গ্রামের আনোয়ার হোসেন মুন্সির মেয়ে। সে চর ফুলবাড়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। শনিবার ময়না তদন্তের পর মঞ্জুয়ারার লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে ওসি জানান। রৌমারী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার সকালে বিডিআর চিঠি দেয় বিএসএফকে। এরপর দুপুরে চর নতুন বন্দর সীমান্ত এলাকায় দুই বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে প্রায় ৩০ মিনিট ধরে পতাকা বৈঠক হয়। বিরতি দিয়ে বিকেলে আবার বৈঠক করে দুই পক্ষ। তিনি জানান, বৈঠকে বিডিআর'র পক্ষে নেতৃত্ব দেন ৬ রাইফেলফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মিজানুর রহমান। বিএসএফ'র পক্ষে ছিলেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট এ কে সিদ্ধার্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.