ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা সফল না হওয়ায় প্রায় নিশ্চিতভাবেই শনিবার মধ্যরাত থেকে সারাদেশে নৌযান শ্রমিক ধর্মঘট শুরু হচ্ছে।
বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশন পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী ২২ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে।
নৌযান শ্রমিকদের বেতন স্কেল ঘোষণা, মেরিন আইনের সঠিক প্রয়োগ, মাস্টার চালকদের সার্টিফিকেট মেয়াদিকরণ বাতিল, হয়রানি-নির্যাতন বন্ধ, নৌপথে ডাকাতি রোধসহ ২২ দফা পূরণের জন্য গত ১৮ আগস্ট থেকে সংগঠনটি আন্দোলন করে আসছে।
ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি শ্রমিক নেতা শাহ আলম শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব দাবি পূরণের জন্য তারা নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান,নৌযান মালিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে দেখা করেছেন। তারা প্রত্যেকে আশ্বাস দিলেও কিছু না হওয়ায় দাবি পূরণের জন্য গত ২১ অক্টোবর ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এর পরও অগ্রগতি না হওয়ায় ২৮ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য ৭ নভেম্বর থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এই ধর্মঘটের কারণে পণ্য পরিবহন, মাছ ধরার যানসহ বেসরকারি সব ধরণের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানান শাহ আলম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিচালক (ট্রাফিক) শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আলোচনা হয়েছে। কিন্তু শনিবার সন্ধ্যার পর পর্যন্ত কোনো উন্নতি হয়নি। ফলে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের কোনো সম্ভাবনা এ মুহূর্তে দেখছিনা। ফলে সমস্যা থেকেই যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১৪৩ঘ.
bdnews24