২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আ.লীগ সমর্থকদের সংঘর্ষে আহত ১২

মেঘনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভোলার তজুমদ্দিন উপজেলায় শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দু'দল সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ভোলা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেঘনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভোলার তজুমদ্দিন উপজেলায় শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দু'দল সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম তালুকদার ও সাধারণ সম্পাদক ওহিদুল্লাহ জসিমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি মোফাজ্জল মাস্টার সম্পর্কে ওহিদুল্লাহ জসিমের শ্বশুর। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মাছ ব্যবসায়ী মো. আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাশেম তালুকদারের সমর্থক আবদুর রহমান ও কিরণ তালুকদারের নেতৃত্বে একটি দল মোফাজ্জল মাস্টারের বাড়িতে হামলার চালায়। হামলাকারীরা তজুমদ্দিন বাজারের হেলাল উদ্দিনের মালিকাধীন বইয়ের দোকান এবং ওহিদুল্লাহ'র সমর্থক সুলতানের মোটরসাইকেল ভাঙচুর করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন সুলতান (৪০)। এই ঘটনার জেরে ওহিদুল্লাহ'র সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। আহতদের মধ্যে আরো আছেন- সোহাগ (৩৫), মফিজ (৩৩), লোকমান (৩২), নাগর (৩২), কাশেম (৩০), জসিম (২৮), আব্বাস ও টিপু (২৫)। এদের সবাইকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ নেতা জাফর জানান, মেঘনার একটি অংশে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবারও দুদলের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। কাশেমের সমর্থক আবদুর রহমান নিজেকে উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলালের 'ব্যক্তিগত সচিব (পিএস)' পরিচয় দিয়ে থাকেন। তবে উপজেলা চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুর রহমান তার পিএস নন। আর আওয়ামী লীগের দলীয় কোনো বিষয়ে এই সংঘর্ষ হয়নি। ভোলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এস এন নজরুল ইসলাম বলেন,পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.