২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সমবায়কে দুর্নীতি-দলবাজি থেকে দূরে রাখতে হবে'

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সমবায়কে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলবাজি থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সমবায়কে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলবাজি থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "দুর্নীতি প্রবেশের কারণে সমবায়ের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।" যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলন গড়ে তোলার ওপর জোর দিয়েছিলেন উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিগত জোট সরকারের সময় সমবায় আইনের কিছু সংশোধন করে এতে অসমবায়ীদের অনুপ্রবেশের সুযোগ সৃষ্টি করা হয়। এ কারণে অনেক সম্ভাবনাময় সমবায় অসৎ, দুর্নীতিবাজ ও লোভী ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে যায় বলে মন্তব্য করে আশরাফ বলেন, "এতে দেশের সমবায় আন্দোলন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।" বর্তমান সরকার সমবায় আইনকে আরো সহজতর, গণতান্ত্রিক ও সমবায় বান্ধব করতে সংশোধনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। কৃষি সমবায় সমিতিগুলোর জন্য ঋণ কার্যক্রম আবার চালু এবং এসবের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়ে আশরাফ বলেন, সমবায় কৃষি ঋণ আবারও চালু, ঋণ কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা আনতে ঋণ বিতরণ ও আদায় পদ্ধতির সংস্কার এবং নতুন নীতিমালা করা হবে। এ ছাড়াও সমবায় খাতের জন্য আলাদা আর্থিক প্রতিষ্ঠান স্থাপনও জরুরি- মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সমবায়ের গুরুত্ব তুলে ধরতে গিয়ে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের সমালোচনা করে বলেন, "লুঙ্গিপরা মানুষগুলো ব্যাংকের কাছে গেলে তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এ অবস্থার অবসান হওয়া দরকার।" কৃষকদের ওপরই আমাদের অর্থনীতি, কৃষি এবং খাদ্য নিরাপত্তা নির্ভর করে জানিয়ে তিনি বলেন, এ অবস্থা দূর করতে আমাদের সমবায় আন্দোলনকে আরো জোরদার করতে হবে। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব সমর চন্দ্র পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক সুরাইয়া বেগম ও জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৯৩২ ঘ.