২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটনাবহুল সেই ৭ নভেম্বর

শনিবার ৭ নভেম্বর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদিনই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন বিদ্রোহে আটক তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 06:19 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শনিবার ৭ নভেম্বর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদিনই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন বিদ্রোহে আটক তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। নভেম্বরের ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় নবীন বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক চরিত্র বদলে যেতে থাকে এবং তা মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতমুখে যাত্রা শুরু করে। এর মাধ্যমে দীর্ঘ সেনা-শাসনেরও ভিত্তি রচিত হয়। রাজনৈতিক দলগুলো ৭ নভেম্বরকে ভিন্ন ভিন্ন নামে ও চেতনায় পালন করে থাকে। বিএনপি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস', আওয়ামী লীগ 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) 'সিপাহী-জনতার অভ্যুত্থান' দিবস হিসেবে দিনটি পালন করে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টায় দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দিনটিকে সরকারিভাবে পালন করা হতো। বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎখাত করার কথিত লক্ষ্যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থান হয়। ওই সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে আটক করা হয়। জাসদের সঙ্গে যুক্ত কর্নেল আবু তাহের ৭ নভেম্বর এক পাল্টা অভ্যুত্থানে জিয়াকে মুক্ত করেন। এ দিনই বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ ও মেজর হায়দারসহ অনেককে হত্যা করা হয়। পরে ১৯৭৬ সালের ২১ শে জুলাই জিয়াউর রহমানের সামরিক সরকার তাহেরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করে। সামরিক ট্রাইব্যুানালে বিচারের সময় জিয়াউর রহমানকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছিলেন তাহের। ৩ নভেম্বরের অভ্যুত্থানের আগে রাতেই কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর এই চার রাজনৈতিক সহকর্মীকে আটক করে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসএইচ/০০০১ঘ.