কুড়িগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারি উপজেলার কাল দেওয়ানীর ঘাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে শুক্রবার সন্ধ্যায় এক বাংলাদেশী কিশোরী নিহত হয়েছে।
নিহত মঞ্জুয়ারা (১৩) রৌমারির বন্ধুরচর গ্রামের আনেয়ার হোসেন মুন্সির মেয়ে।
এ ঘটনার পর থেকে বিএসএফ থেমে সীমান্তে গুলিবর্ষণ করছে। বিডিআর পাল্টা ব্যবস্থা হিসেবে শক্তি বাড়িয়েছে এবং সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন রৌমারী সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবুল কালাম আজাদ।
সন্ধ্যা সাতটায় কমান্ডার কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিডিআর'র নির্দেশে সীমান্ত এলাকার বন্ধুরচর, কাল দেওয়ানীর ঘাট, উত্তর বারবান্ধা ও চর ফুলবাড়ি গ্রামের লোকজন নিরাপদ আশ্রয়ে সরে এসেছে।
৬ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
রৌমারী বিওপি কমান্ডার বলেন, "মেয়েটির লাশ ঘটনাস্থলে রয়েছে।"
তিনি জানান, বন্ধুরচর গ্রামের তিন কিশোরী বিকেলে ১০৬৬ নম্বর পিলারের পাশে কাল দেওয়ানী ঘাট এলাকায় জিরো লাইনের কাছে বাংলাদেশের সীমানায় একটি চরে কাশফুল কাটছিল।
এ সময় ভারতের সাহাপাড়া বিওপির বিএসএফ'র একটি টহল দল বিনা উস্কানিতে তাদের ওপর দুই রাউন্ড গুলি ছোড়ে। তাদের মধ্যে দু'জন পালিয়ে আসতে পেরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24