নারায়ণগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা ও বালু নদী সংলগ্ন এলাকার কৃষিজমি ও জলাশয় ভরাট কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রূপগঞ্জ সার্বিক মানব উন্নয়ন সংগঠন শুক্রবার সকালে রূপগঞ্জ-খিলক্ষেত-ঢাকা সড়কের মুশুরী এলাকায় এ কর্মসূচি পালন করে। এতে পাঁচ শতাধিক এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন শেষে তারা রূপগঞ্জ উপজেলা সদরে একটি সমাবেশ করেন।
রূপগঞ্জ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সভাপতি জহুরা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নূরুন্নবী ভুঁইয়া, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, রুমা আক্তার, ইসহাক আলী, রিয়াজউদ্দিন, শরিফ হোসেন, কবি নায়েব আলী, হুমায়ুন মাস্টার, কারিতাসের ফরিদ আহমেদ খান, প্রদীপ চন্দ্র দাস, শাহিন, রেনুকা রানী সরকার, শিপ্রা রোজারিও প্রমুখ।
সভায় বক্তারা ঢাকার খিলক্ষেত, বাড্ডা, গুলশান, উত্তরা থানার নিম্নাঞ্চল, শীতলক্ষ্যা নদীর পূর্বাঞ্চলের ফসলি জমি, জলাশয় দখল ও ভরাট বন্ধের দাবি জানান। তা না হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হবে বলে তারা মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24