ফরিদপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙা উপজেলার মালিগ্রাম নামক স্থানে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতাসহ চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ফরিদপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম (৫০), ভাঙ্গা পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর শহীদুল ইসলাম ওরফে টুটুল মুন্সী (৪০), গাড়ি চালক মিরাজ (৩০) ও আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়ন নেতা হান্নান (৩৫)।
নজরুল ইসলামের বাড়ি ফরিদপুর শহরের চর কমলাপুর, শহীদুল ইসলামের বাড়ি ভাঙ্গা সদরের বড় পুকুরিয়া সদরদী গ্রাম, হান্নানের বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গি গ্রাম এবং মিরাজের বাড়ি একই উপজেলার রসুলপুর গ্রামে।
ভাঙ্গা থানার ওসি মো. মারফত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মালিগ্রাম এলাকায় দুপুর ৩টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা সবাই নিহত হন।
ওসি জানান, প্রাইভেটকারটি ফরিদপুর থেকে ভাঙ্গা যাচ্ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে তিনি জানান।
ফরিদপুর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সম্মেলন শেষ করে তারা একটি জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার কাউলি গ্রামে যাচ্ছিলেন।
তিনি জানান, গাড়িটি জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক কে এম জাহাঙ্গীরের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24