প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বলাকা ভাস্কর্য ভাঙার জন্য অভিযুক্ত উলামা আঞ্জুমান আল বাইয়্যিনিয়াত নামে সংগঠনটি 'কালো তালিকা' থেকে তাদের নাম প্রত্যাহারের আবেদন করেছে।
ওই সময় সরকার জঙ্গি সংগঠন সন্দেহে এটিকে কালো তালিকাভুক্ত করে।
নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি দাবি করে উলামা আঞ্জুমান আল বাইয়্যিনিয়াত গত ২২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই আবেদনটি করে। স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লেখা আবেদনটি পরদিন গ্রহণ করে মন্ত্রণালয়। উলামা আঞ্জুমান আল বাইয়্যিনিয়াত পত্র পত্রিকায় আল বাইয়্যিনিয়াত নামেই পরিচিত।
গত বছরের ২৮ নভেম্বর রাতে শাবল, হাতুড়ি, হামানদিস্তা নিয়ে মতিঝিলের বলাকা ভাস্কর্যের ওপর হামলা চালায় সংগঠনটির শতাধিক কর্মী। এতে ভাস্কর্যের ছয়টি বকের মূর্তির ১২টি পা-এর পলেস্তারা ভেঙে যায়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আল বাইয়্যিনিয়াতের আট সদস্যকে গ্রেপ্তারও করে। পরে এই ঘটনায় দুটি আলাদা মামলা করে পুলিশ।
নাম প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে আল বাইয়্যিনিয়াত পত্রিকার সম্পাদক আল্লামা মোহাম্মদ মাহবুব আলম বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "উলামা আঞ্জুমান আল বাইয়্যিনিয়াত কোনও রাজনৈতিক, ধর্মীয় বা জঙ্গি সংগঠন না। এটা একটা পাঠক ফোরাম। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কোনও রকম তথ্য না নিয়েই আমাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। এ জন্য আমরা আবেদন করেছি।"
গত ১ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারের সঙ্গে তার বৈঠক হয়েছে জানিয়ে তিনি দাবি করেন, "উলামা আঞ্জুমান আল বাইয়্যিনিয়াত কোনও জঙ্গি সংগঠন না বলে গোয়েন্দা সংস্থাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বলে তারা তিনজনই আমাকে জানিয়েছে।"
মাহবুব আলম দাবি করেন, তাদের নাম নিয়ে কেউ হয়তো অপকর্ম করেছে, কিন্তু তার জন্য আল বাইয়্যিনিয়াত দায়ী নয়।
শুক্রবার মুহম্মদ মাহবুব আলম আরও বলেন, 'আল বাইয়্যিনাত'-এর নাম কখনো কালো তালিকায় ছিলো না। আর 'আল বাইয়্যিনাত' ও 'উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাত' দুটি আলাদা বিষয়।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের রিপোর্ট অসম্পূর্ণ ও অংশগত ভুল ছিলো দাবি করে তিনি বলেন, "আল বাইয়্যিনাত-এর পাঠক ফোরাম 'আঞ্জুমানে আল বাইয়্যনাত'-এর প্রস্তাবিত সহযোগী পাঠক ফোরাম 'উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাত'-এর নাম এসেছে।
তিনি জানান, 'আল বাইনিয়্যনাত' কোনো সংগঠনের নাম নয়; বরং এটি গত ১৯ বছর ধরে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসা সরকারি রেজিস্টার্ড পত্রিকা।
'আঞ্জুমানে আল বাইয়্যিনাত'-এর কোন কমিটি নেই বলেও দাবি করে তিনি বলেন, আল বাইয়্যিনাতকে কালো তালিকাভুক্ত করতে পারলে সবচেয়ে লাভবান হবে জামাতী-জঙ্গিরা। কারণ, তখন তাদের বিরুদ্ধে ইসলামের আলোকে এত শক্ত ও জোরালোভাবে বলার মত কেউ থাকবে না।
এ ক্ষেত্রে 'উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাত' নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার রাতে বলেন, "উলামা আঞ্জুমান আল বাইয়্যিনিয়াতের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা আমাদের কাছে এসেছিল এবং তারা ভালো কাজ করছে বলে আমাদের জানিয়েছে। অনেক লোক তাদের হুজুরের কাছে আসেন বলেও জানান।"
"যদি সত্যিই ভালো কাজ করে থাকে, তাহলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পর এ সংক্রান্ত কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে", বলেন তিনি।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতা এসে গত ২৪ এপ্রিল জঙ্গি সংগঠন সন্দেহে ধর্মভিত্তিক ১২টি সংগঠনকে কালো তালিকাভুক্ত করে। ওই দিন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাংবাদিকদের এ তথ্য জানান।
'কালো তালিকাভুক্ত' সংগঠনগুলোর মধ্যে ছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), হিজবুত তাওহিদ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), ইসলামী সমাজ, হিযবুত তাহরীর, উলামা আঞ্জুমান আল বাইয়্যিনিয়াত, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি), তৌহিদি ট্রাস্ট, শাহাদাৎ-ই আল হিকমাহ বাংলাদেশ, তামিরা আ-দ্বীন বাংলাদেশ (হিজবে আবু ওমর) ও আল্লার দল।
এর মধ্যে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাত-ই আল হিকমাহ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ ( জেএমজেবি) এই চারটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সর্বশেষ গত ২২ অক্টোবর জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচ/এমআই/১০৫৪ ঘ.
bdnews24