বগুড়া, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গ্রেপ্তার ইসলামিক ডেমোক্রেটিক পার্টির (আইডিপি) চেয়ারম্যান মাওলানা আব্দুস ছালামের বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলার বাড়িতে বৃহস্পতিবার পুলিশ তল্লাশি চালিয়েছে।
তার শেরপুরের বাড়ি থেকে একটি পাসপোর্ট, পার্টির প্যাড ও ডায়েরি জব্দ করেছে পুলিশ।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের ২৪ নেতাকর্মী নিহত হন।
এই হামলায় জড়িত সন্দেহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ১ নভেম্বর রাতে আইডিপি নেতা ছালামকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।
শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরপুর শহরের হামছাপুর এলাকায় ছালামের বাড়িতে তল্লাশি করে একটি পাসপোর্ট, ইসলামিক ডেমোক্রেটিক পার্টির প্যাড ও একটি হ্যান্ড নোট (ডায়েরি) জব্দ করা হয়েছে।
ওসি জানান, পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে ছালাম পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণ করেছিলেন।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নিজগ্রাম পেঁচিবাড়ী গ্রামে ছালামের পৈত্রিক বাড়িতে তল্লাশি চালায়।
এসআই আনোয়ার হোসেন জানান, বাড়িটিতে বসবাস অযোগ্য একটি মাত্র ছোট টিনের ঘরের ভিতর দু'টি খাট ছাড়া আর কিছুই নেই।
ছালামের ছোট ভাই স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১৫/১৬ বছর ধরে পরিবারের কারো সঙ্গে তার (ছালামের) যোগাযোগ নেই। তিনি কোথায় কি করেন তাও তাদের জানা নেই।
বড় ভাই জালাল উদ্দিন জানান, ১৯৯২ সালে এক বার ছালাম গ্রামের বাড়ি এসেছিলেন। তখন বলেছিলেন লেখাপড়া করতে তিনি পাকিস্তান গিয়েছিলেন। বাড়িতে কয়েক দিন থাকার পর আবার তিনি নিরুদ্দেশ হন। এভাবেই মাঝে মধ্যে ছালাম গ্রামের বাড়ি আসতেন। পরে শেরপুর উপজেলায় বাড়ি বানিয়ে এবং বিয়ে করে সেখানেই থেকে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24