২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে বিস্ফোরণে আহত ৪

রাজধানীর গুলিস্তানে একটি বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে পুলিশ স্পষ্ট করে বলতে পারেনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তানে একটি বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে পুলিশ স্পষ্ট করে বলতে পারেনি। দুপুর ২টা দিকে পীর ইয়ামিনি মার্কেটের কাছে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের অদূরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। বিস্ফোরণে বাগেরহাটের কচুয়ার গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন (৪৫), বাগেরহাটের পরিবহন মালিক নেতা শেখ নজরুল ইসলাম (৫০), অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রশিদ (৫৬) এবং পথচারী কার্তিক লাল দাস (৪৮) আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসার পর শেখ নজরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের দেহে ভাঙা কাঁচের টুকরো পাওয়া গেছে। ঘটনাস্থলে বোমার কোনো আলামত পাওয়া যায়নি। রমনা জোনের উপ কমিশনার আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই বিস্ফোরণ নিয়ে এই মুহুর্তে বলা কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।" ঘটনাস্থলে উপস্থিত বাগেরহাটের সাংসদ মীর শওকত আলী বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, তিনি সচিবালয় থেকে রমনা ভবনে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে জটলা দেখে এগিয়ে যান। সেখানে তার জেলার দুইজনসহ তিন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের তাড়াতাড়ি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। তিনি বলেন, আহতদের একজন তার জেলার বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম তাকে জানিয়েছেন, তারা দু'জন (নাসির উদ্দিন) হেঁটে যাওয়ার সময় একটি বিস্ফোরণ হয়। দুই জনই স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানান সাংসদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/এইচএ/১৯০০ ঘ.