২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

নোয়াখালীতে বৃহস্পতিবার সকালে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

নোয়াখালী, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে বৃহস্পতিবার সকালে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্র মারা গেছে। আর হাতিয়া উপজেলায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকাল ১১টার দিকে সদর উপজেলার সোনাপুরে ট্রেনে কাটা পড়ে মারা গেছে আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিয়া উদ্দিন বাবু (১৩)। সে গোপাই গ্রামের ব্যবসায়ী কামাল উদ্দিনের ছেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার সময় সোনাপুর-শ্রীপুর রেলক্রসিং পার হচ্ছিল বাবু। এ সময় নোয়াখালী থেকে লাকসামগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় ও আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সোনাপুর-শ্রীপুর রেলক্রসিং এ কোনো রেলগেট নেই। এছাড়া লাইনের দুই পাশে অবৈধ স্থাপনাও রয়েছে। তাই প্রতিনিয়তই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। হাতিয়া উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামে নার্গিস আক্তার (২৮) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাতিয়া থানার ওসি রতন দাস গুপ্ত জানান, সকালে নার্গিসকে তার স্বামী ইউসুফ মারধর করলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ইউসুফ পলাতক রয়েছেন। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২৪ ঘ.