২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণে পদক্ষেপ নিন: প্রধানমন্ত্রী

শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ নেওয়ার জন্য পোশাক শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 06:49 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ নেওয়ার জন্য পোশাক শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো-২০০৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "শ্রমিকরা আপনাদের জন্য তাদের শ্রম দিচ্ছে। তাদের জন্যও আপনারা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করুন। কারখানা ও শ্রমিক একে অপরের পরিপূরক। তারা (শ্রমিকরা) ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন।" শিল্পপতিদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "মুনাফা অর্জনই যেন মূল লক্ষ্য না হয়, জনগণের কল্যাণের দিকেও আপনাদের দৃষ্টি দিতে হবে।" সকালে সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। বাটেক্সপোর আয়োজক তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী। বাটেক্সপো দেশে এ খাতে সবচেয়ে জাঁকালো প্রদর্শনী ও মেলা হিসেবে পরিচিত। বিকেএমইএ আয়োজিত তিন দিনব্যাপী নিট পোশাকের মেলা শেষ হতেই শুরু হলো বাটেক্সপো। মেলা আগামী শনিবার পর্যন্ত চললেও সমাপনী অনুষ্ঠান হবে শুক্রবার। এতে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বুধবার বিজিএমইএ এর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব অর্থনীতির মন্দা ধীরে ধীরে কেটে যাওয়ায় তারা আবার বাইরে থেকে নতুন অর্ডার পাওয়া শুরু করেছেন। সালাম মুর্র্শেদী বলেন, "মন্দার পর বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা বাড়বে। সেই বাজার ধরার লক্ষ্যকে সামনে রেখেই এবার ভিন্ন আঙ্গিকে বাটেক্সপো আয়োজন করা হচ্ছে।" প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ক্রেতারা অংশ নেবেন। এতে ভারত, পাকিস্তান, চীন এবং জাপানসহ বিভিন্ন দেশের মোট ৬২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্টল থাকছে ৮৬টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৪০ ঘ.