২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের দুঃখ প্রকাশ, লতিফের বক্তব্য এক্সপাঞ্জ

শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংসদকে 'মাছের বাজার' বলার পর নিজেই দুঃখ প্রকাশ করে ওই দিনের প্রসিডিংস (কার্য বিবরণী) থেকে শব্দ দুটি এক্সপাঞ্জ করেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংসদকে 'মাছের বাজার' বলার পর নিজেই দুঃখ প্রকাশ করে ওই দিনের প্রসিডিংস (কার্য বিবরণী) থেকে শব্দ দুটি এক্সপাঞ্জ করেছেন স্পিকার আবদুল হামিদ। গত ১১ অক্টোবর স্পিকার ওই মন্তব্য করেছিলেন। একই সঙ্গে স্পিকারকে আক্রমণ করে পরদিন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দেওয়া বক্তব্যও সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে স্পিকার আবদুল হামিদ এ সম্পর্কে দেওয়া এক রুলিং এ কথা জানান। গত ১১ অক্টোবর সংসদের প্রথম সারির মন্ত্রী ও সরকারি দলের সাংসদের অনুপস্থিতি দেখে স্পিকার অধিবেশনের শুরুতেই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ফ্রন্ট রো (সামনের সারি) খালি। এটা আমি সহজভাবে নিতে পারছি না। ওই দিন সাংসদরা পরস্পরের সঙ্গে কথা বলতে থাকলে স্পিকার তাদের থামাতে সংসদকে 'মাছের বাজার' মনে হচ্ছে বলেও মন্তব্য করেন। পরের দিন স্পিকারের বক্তব্যের জবাব দিতে গিয়ে লতিফ সিদ্দিকী বলেছিলেন, এই সংসদ মাছের বাজার হলে আড়তদারটা কে? বুধবার স্পিকার আব্দুল হামিদ আইন প্রণয় কর্মসূচিতে যাওয়ার আগে বলেন, "গত ১১ অক্টোবর উপস্থিতি কম থাকায় সংসদে শৃঙ্খলা রক্ষায় পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রেক্ষিতে এ বক্তব্য দিচ্ছি।" ১১ অক্টোবর সংসদের বৈঠকের শুরুতে প্রথম সারিতে প্রধানমন্ত্রীর একক অনুপস্থিতি সহজভাবে নিতে পারেন নি উল্লেখ করে স্পিকার বলেন, " সে সময় কোরাম সঙ্কট ছিল না। আমার ধারণা, তখন প্রধানমন্ত্রীও বিব্রতবোধ বোধ করেছিলেন। কিছু সময় সংসদের কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রূপক অর্থে আমি দুটি শব্দ (মাছের বাজার) ব্যবহার করেছিলাম। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এ শব্দ দুটি সংসদের প্রসিডিংস থেকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। ওই দিনের প্রসিডিংস থেকে ওই দুটি শব্দ এক্সপাঞ্জ করা হলো। "৩০০ বিধির অধীনে যে কোন মন্ত্রী স্পিকারের অনুমতি নিয়ে বিবৃতি দিতে পারেন। তবে এর পরিধি কতটুকু তা দেখতে হবে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী দেশ ভারতে এ রীতি পালিত হচ্ছে। এ অনুশীলনের আওতায় গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রী বক্তব্য দিতে পারেন। তবে অন্য প্রসঙ্গে বিবৃতি/বক্তব্য দেওয়ার এখতিয়ার কার্যবিধিতে নেই।" সংসদে কোন বিষয় আলোচনা হলে তা প্রসিডিংস হিসেবে লিপিবিদ্ধ থাকে জানিয়ে স্পিকার বলেন, "আমাদের ভবিষ্যত প্রজন্ম প্রসিডিংস থেকে আমরা কী স্বপ্ন দেখেছি বা কী দিক-নির্দেশনা দিয়েছি- তা জানতে পারবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল। বিধিবহির্ভূতভাবে দেওয়া মন্ত্রীর ওই বক্তব্য বাদ দেওয়া যথাযথ হবে বলে আমি মনে করি। এ কারণে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ১২ অক্টোবর দেওয়া বক্তব্য প্রসিডিংস থেকে সম্পূর্ণ এক্সপাঞ্জ করা হলো।" একই সঙ্গে স্পিকার সংসদীয় গণতন্ত্রের স্বার্থে যার যার দায়িত্ব পালন এ বিষয়ে সজাগ থাকার জন্য সাংসদদের প্রতি আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/আরএআর/এসএইচ/১২২৫৯ ঘ.