ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক বিভাগের সেবার মান বাড়াতে একশ' বছরেরও বেশি পুরনো পোস্ট অফিস আইনের সংশোধনী বিল সংসদে উপস্থাপিত হয়েছে।
বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সংসদেএ বিল উত্থাপন করেন।
স্পিকার আব্দুল হামিদ এটি যাচাই-বাছাইয়ের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পোস্ট অফিস (সংশোধন) আইন, ২০০৯ বিলে কুরিয়ার সার্ভিস ও মেইল অপারেটর বিধান লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। এছাড়া পুনরায় অপরাধের জন্য দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, একশ' বছরের বেশি পুরনো এ আইনের পরিবর্তন ও যুগোপযোগী করার প্রয়োজনে পোস্ট অফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০৯ প্রণয়ন করা হয়েছে।
১৮৯৮ সালের আইনের ৪ ধারায় চিঠিপত্র সংগ্রহ, পরিবহন ও বিলির জন্য ডাক বিভাগের একক অধিকার সংরক্ষণ করা হয়েছে এবং এ ধারা লঙ্ঘনের জন্য ৫৮ ধারায় শাস্তির বিধান রয়েছে। তবে এ ধারা দুইটির প্রয়োগ নেই এবং কুরিয়ার সার্ভিসের জন্য কোনও নীতিমালা নেই।
ডাকমন্ত্রী সংসদকে বলেন, সংশোধিত এ আইন প্রণীত হলে কুরিয়ার সার্ভিস সংস্থাগুলোর সেবার মান নির্ধারণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার ফলে এ সেবার মান বাড়বে। ডাক বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন সেবা দ্রুততার সঙ্গে দেওয়া ও বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মসূচি নেওয়া সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২১৪ঘ.
bdnews24