২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা ঘোষণা: চট্টগ্রামে দুটি কন্টেইনার আটক

মিথ্যা ঘোষণাপত্র দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করায় সীতাকুণ্ডে একটি বেসরকারি আইসিডি থেকে দুটি পণ্য ভর্তি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণাপত্র দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করায় সীতাকুণ্ডে একটি বেসরকারি আইসিডি থেকে দুটি পণ্য ভর্তি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সীতাকুণ্ডের ঘোড়ামারার কেডিএস লজিস্টিকস নামক বেসরকারি কন্টেইনার ডিপো (আইসিডি) থেকে সুগন্ধি চাল, পুরাতন ফটো কপিয়ার মেশিন, এলসিডি মনিটর সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী ভর্তি কন্টেইনার দুটি আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটক করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার মেসার্স মিডোরি করপোরেশন কন্টেইনারে পুরাতন কাগজ আমদানির ঘোষণা দিয়ে ১৫৩টি পুরাতন ফটোকপিয়ার মেশিন, ৮টি এলসিডি টেলিভিশন, ৩৫টি লেজার প্রিন্টার, ৯২টি কর্ডলেস ফোনসহ কম্পিউটারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আমদানি করে। এছাড়া হবিগঞ্জের মেসার্স এ এইচ কে এন্ট্রারপ্রাইজ মুড়ি, চিড়া ও খৈ রপ্তানির ঘোষণা দিয়ে কন্টেইনারে করে প্রায় ৭ মেট্রিক টন কালোজিরা চাল রপ্তানির চেষ্টা করে। মিথ্যা ঘোষণা দিয়ে এসব পণ্য আমদানি- রপ্তানির চেষ্টা করায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কাস্টমস কর্মকর্তা শামসুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসএইচ/২২১২ ঘ.