২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার ১৩০ টি প্লট সংরক্ষিত রাখতে বলেছে হাইকোর্ট

তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল করা ১৩০টি প্লট সংরক্ষিত রেখে উত্তরা তৃতীয় পর্বে প্লট বরাদ্দ দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল করা ১৩০টি প্লট সংরক্ষিত রেখে উত্তরা তৃতীয় পর্বে প্লট বরাদ্দ দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি সৈয়দা আফসান জাহানের বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। উত্তরা তৃতীয় পর্বে বুধবার প্রায় ২১৮টির মতো প্লট বরাদ্দ দিয়েছে সরকার। এ বছরের শুরুর দিকে মোখলেছুর রহমান, ফেরদৌসী আহমেদসহ ১৩০ ব্যক্তি এ রিট আবেদন করেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাজউকের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। আদেশের পর সোহরাওয়ার্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট আবেদনকারী ১৩০ জনের প্লট তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাতিল হয়েছিল। তাদের প্লটগুলো সংরক্ষিত রেখে উত্তরা তৃতীয় পর্বের প্লট বরাদ্দ দিতে নিদের্শ দিয়েছে হাইকোর্ট।" ২০০৬ সালের ৬ অক্টোবর উত্তরা তৃতীয় পর্বের প্লট বরাদ্দ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় এ বরাদ্দ বাতিল করা হয়। এরপর গত বছরের ২৬ নভেম্বর নতুন করে আবেদন পত্র আহ্বান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ১৪০০ ঘ.