বান্দরবান, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে দেশীয় প্রযুক্তিতে স্বল্প খরচের একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের ভেতরে একটি ঝিরিতে এ প্রকল্প স্থাপন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর মঙ্গলবার সকালে জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত কেন্দ্রটি উদ্বোধন করেন।
বান্দরবানের অংথুই খয় মারমা এবং স্থানীয় কলি বিজ্ঞান ক্লাবের পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু যৌথভাবে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের এ পদ্ধতি উদ্ভাবন করেন।
প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প থেকে অন্তত এক হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে এর উদ্ভাবক ও সংশ্লিষ্টরা দাবি করেন।
এ বছরের আগস্টের প্রথম দিকে প্রকল্পের কাজ শুরু হয়ে অক্টোবরে শেষ হয়।
উদ্বোধনের পর বীর বাহাদুর বলেন, বান্দরবানের দুর্গম এলাকায় ঝিরি-ঝর্নায় বাঁধ দিয়ে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা গেলে প্রত্যন্ত এলাকাবাসী সহজেই বিদ্যুৎ পাবেন। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান, ক্যসা প্র" ও অংপ্র" ম্রো, অংথুই খয় মারমা, কলি বিজ্ঞান ক্লাবের পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় সাংবাদিক ও জেলা পরিষদ কর্মকর্তারা উপসিন্থত ছিলেন।
ক্য শৈ হ্লা বলেন, এ প্রকল্প বাস্তবায়ন করতে প্রাথমিকভাবে প্রায় ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ থেকে প্রায় এক হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বর্তমান প্রকল্পটি বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
অংথুই খয় মারমা বলেন, প্রায় ১০ বছর আগে তিনি এই ধরনের একটি প্রকল্প উদ্ভাবন করেছিলেন। অর্থের অভাবে বেশিদূর এগুনো যায়নি।
আমিনুল ইসলাম বাচ্চু বলেন, প্রকল্পটির নির্মাণ কৌশল খুবই সহজ। দেশীয় প্রযুক্তিতে স্বল্প খরচের মাধ্যমে এটি উদ্ভাবন করা হয়েছে। এতে ব্যবহৃত ডায়নামাসহ অন্য মালামালসমূহ নিজস্ব প্রযুক্তিতে তৈরি।
আট থেকে নয় বছর আগে অংথুই খয় মারমা দেশীয় প্রযুক্তিতে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প উদ্ভাবন করেন। তার গ্রামের বাড়ি বান্দরবানের বাঘমারার মনজয় পাড়ায় হ্লারা খালে একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্ভাবন করেন। নিজের ধান ভাঙানোর মেশিন ও কাঠ দিয়ে এটি নির্মান করেন। ওই সময় এটি বান্দরবানসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনে এ খবর প্রচারও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৫ ঘ.
bdnews24