২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি নিয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী পরিস্থিতিতে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি নিয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী পরিস্থিতিতে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে। মঙ্গলবার ভোর সাতটায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, সকাল সাতটা এক মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল সাড়ে তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ নভেম্বর জেলের ভেতরে বাংলাদেশের প্রথম (অস্থায়ী) রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী জেল হত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে চার নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিব নগর সরকার গঠন, মুক্তিযুদ্ধ পরিচালনা ও দেশকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে বঙ্গবন্ধুকে হত্যার ধারাবাহিকতায় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতারই অংশ। এর মাধ্যমে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলার এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যা ও জেল হত্যা মামলার রায় কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় সেজন্য 'প্রতিক্রিয়াশীল চক্র' সন্ত্রাসের রাজত্ব কায়েম করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩৫৫ঘ.