ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন এনজিওকে কমিউনিটি ক্লিনিক পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মুদাচ্ছির আলী।
সোমবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
মুদাচ্ছির বলেন, "স্বাস্থ্য সমস্যা সমাধানে প্রতিটি উপজেলায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে এসব ক্লিনিক পরিচালিত হবে। তবে কোনো এনজিওকে এসব ক্লিনিক স্থাপন বা পরিচালনার অনুমতি দেওয়া হবে না।"
ইতিমধ্যে অনেক এনজিও সরকারের কাছে কমিউনিটি ক্লিনিক স্থাপনের অনুমতি চেয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "অনেকেই আমাদের কাছে অনুমতি চাইছে। কিন্তু এনজিওরা এসব ক্লিনিকের দায়িত্ব পাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তারা চাইলে আর্থিক বা অন্য কোনো সহায়তা দিতে পারে।"
এর আগে মুদাচ্ছির আলী বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এবং সাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালুর জন্য সরকার ২ হাজার ৬শ'কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। এর ফলে যে কোন স্থানে জনগণ সহজেই চিকিৎসা সুবিধা পাবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, "বাইরের সহযোগিতা না পেলেও এটি বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। তবে আমার ধারণা অনেক অর্থ বাইরে থেকে আসবে। এর মধ্যেই অনেক দাতা সহযোগিতার আশ্বাস দিয়েছে।"
এর আগের মেয়াদে আওয়ামী লীগ সরকার সারা দেশে তৃণমূল পর্যায়ে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য একটি প্রকল্প হাতে নেয়। কিন্তু পরে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে তা স্থগিত করে দেয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবার ওই প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। অন্যদিকে স
bdnews24