২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পাঁচশ' শয্যার আরও তিন হাসপাতাল হবে

রাজধানীতে পাঁচশ' শয্যার তিনটি হাসপাতালসহ ছয়টি নতুন হাসপাতাল নির্মাণ করবে সরকার। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী আ ফ ম রুহুল হক একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পাঁচশ' শয্যার তিনটি হাসপাতালসহ ছয়টি নতুন হাসপাতাল নির্মাণ করবে সরকার। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী আ ফ ম রুহুল হক একথা জানান। লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "দেশে ছয়টি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।" এরমধ্যে রাজধানীর খিলগাঁও, মিরপুর ও কুর্মিটোলায় পাঁচশ' শয্যার জেনারেল হাসপাতাল, শ্যামলীতে আড়াইশ' শয্যার টিবি (যক্ষ্মা) হাসপাতাল, ঢাকায় তিনশ' শয্যার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এবং চট্টগ্রামে একশ' শয্যার ট্রপিক্যাল মেডিসিন ইনস্টিটিউট করা হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও জানান, এ ছাড়া দিনাজপুরে অরবিন্দু শিশু হাসপাতাল, শরিয়তপুরে ২০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতাল এবং সুনামগঞ্জে একই শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমানের এক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, উপজেলা পর্যায়ে নার্সিং ইনস্টিটিউট স্থাপনের কোন পরিকল্পনা সরকারের নেই। দেশে এই মুহূর্তে ৩৪টি সরকারি ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএইচসি/পিসি/এএল/এসএইচ/২২৫০ ঘ.