২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুগঙ্গা নদীতে বাঁধ নিয়ে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

দুগঙ্গা নদীতে বাঁধ দেওয়া নিয়ে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উত্তর ও দক্ষিণ বংশীকুণ্ডা এবং নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

সুনামগঞ্জ/নেত্রকোনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুগঙ্গা নদীতে বাঁধ দেওয়া নিয়ে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উত্তর ও দক্ষিণ বংশীকুণ্ডা এবং নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ চারজন হলেন- বংশীকুণ্ডা এলাকার আইনাল হক (৩৫), আব্দুর রহীম (২০), সানুর মিয়া (৪৫) ও আলমাছ আলী (৩০) গুলিবিদ্ধ হন। এরাসহ দুপক্ষের আহতদের ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতাল এবং ধরমপাশা ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান জানান, উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের মহেষখলা গ্রামের লোকজন দুগঙ্গা নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে বোরো ও আমন মৌসুমে সেচ দিয়ে আসছে। গত শনিবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের লোক এসে এই বাঁধের কিছু অংশ কেটে দেয়। খবর পেয়ে সোমবার দুপুর ২টার দিকে উত্তর বংশীকুণ্ডা ও দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের কয়েক শ' মানুষ বাঁধ মেরামত শুরু করলে রংছাতি ইউনিয়নের লোকজন বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মধ্যনগর থানার ওসি ইসমাইল মিয়া জানান, নদীর বাঁধ কেটে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কলমাকান্দা থানার ওসি মো. কামরুল হোসেন জানান, দুগঙ্গা নদীর বাঁধ নিয়ে বিরোধের জেরে দুই ইউনিয়নের লোকজন বিকেল ২টার দিকে ধারালো অস্ত্র, লাঠিসোটা ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা শুনেছেন। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি। ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর পুরো তথ্য পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২২ ঘ.