২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের রিট আবেদনের আদেশ মঙ্গলবার

কারাফটকে জিজ্ঞাসাবাদ এবং সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আবেদনের ব্যাপারে আদালত মঙ্গলবার আদেশ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাফটকে জিজ্ঞাসাবাদ এবং সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আবেদনের ব্যাপারে আদালত মঙ্গলবার আদেশ দেবে। এ ব্যাপারে নির্দেশ চেয়ে হাইকোর্টে বাবরের করা রিট আবেদনের শুনানি সোমবার শেষ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনূন রহমানের বেঞ্চে রোববার আবেদন দুটি করা হয়। সোমবার রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান এবং সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবরকে জিজ্ঞাসাবাদ করতে গত শুক্রবারই বাবরকে নিজেদের হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা বাবর ওই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াস চালান। ২০০৪ সালের ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হন। ওই মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৮৫৫ঘ.