ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপস হত্যাচেষ্টা মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি মহিউদ্দিন আহমেদের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনদিন সময় পেল পুলিশ। একই সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হবে শফিউল্লাহ সফুকেও।
মহিউদ্দিনের দুই ছেলে মো. নাজমুল হাসান সোহেল (৩৫) ও মাহবুবুল হাসানকে (৩০) এবং সফুকে এর আগে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের আবেদনে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী রোববার দুপুরে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনদিন করে সময় দেন।
যদিও মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আকবর হোসেন ১০ দিন সময় চেয়েছিলেন।
সফুর কৌঁসুলি মুস্তাফিজুর রহমান আদালতে তার জামিন চাইলেও তা প্রত্যাখ্যাত হয়।
কারাবন্দি মহিউদ্দিনের দুই ছেলেকে গত ২৭ অক্টোবর গ্রেপ্তার করা হয়। সেদিনই তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন সময় নেয় পুলিশ। পুরানা পল্টনের ব্যবসায়ী সফুকে ২৫ অক্টোবর গ্রেপ্তারের পর তিনদিনের জন্য হেফাজতে নেওয়া হয়।
তাপসের মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ এবং আরেক আসামি শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপনকেও নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গত ২১ অক্টোবর মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন।
পরদিন তাপস মতিঝিল থানায় একটি মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের স্বজন ও তাদের সহযোগীরা ওই হামলা চালিয়েছে।
তাপসের বাবা বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনিকেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়। একইদিন প্রাণ হারান তাপসের মা আরজু মনিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৫০৫ ঘ.
bdnews24