২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে 'বাইরের' ইন্ধনের সন্দেহ বিজিএমইএ'র

টঙ্গিতে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় 'বাইরের' ইন্ধন থাকার সন্দেহ প্রকাশ করেছে তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গিতে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় 'বাইরের' ইন্ধন থাকার সন্দেহ প্রকাশ করেছে তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার বিকালে বিজিএমইএ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সালাম মুর্শেদী বলেন, "এর পেছনে বাইরের ইন্ধন থাকতে পারে। অন্য কোনো জায়গা থেকে লোক নিয়ে এসে অস্থির অবস্থা তৈরির চেষ্টা হয়েছে। তদন্ত করলে সঠিত তথ্য বেরিয়ে আসবে।" তবে 'বাইরে' বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা বলেননি। টঙ্গির এরশাদনগর এলাকার মহাসড়ক লাগোয়া নিপ্পন গার্মেন্টেসের শ্রমিকরা শনিবার সকালে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করার এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ওই সংঘাত বাধে। এতে কয়েকজন নিহত হয়েছে বলে শ্রমিকরা দাবি করেছে। পুলিশ বলছে, তাদের একজন সহকর্মী নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা পুলিশসহ চারজনের নিখোঁজ থাকার জানালেও রাত ১০টা পর্যন্ত কোনো লাশ দেখা যায়নি। ঘটনা তদন্তে বিজিএমইএ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিজিএমইএ সহ-সভাপতি ফারুক হাসানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পরিচালক রিয়াজ বিন মাহমুদ, মো. নাসির, শহিদুল্লাহ আজিম ও সংগঠনের সাবেক পরিচালক এস এম মান্নান কচি। সংঘর্ষে মৃত্যুর বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, "বিজিএমইএ'র নিজস্ব অনুসন্ধান এবং পুলিশ প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী টঙ্গির নিপ্পন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে সংঘর্ষের ঘটনায় বিকাল পাঁচটা পর্যন্ত কেউ নিহত হয়নি।" সরকারের পক্ষ থেকেও নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি জানিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। রাজারবাগ পুলিশ লাইনে এক নারী পুলিশ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন আহত আটজনের মধ্যে মাত্র একজন নিপ্পন কারখানার শ্রমিক। বকেয়া বেতনের কারণে এ ঘটনার সূত্রপাত হয়নি দাবি করে বিজিএমইএ সভাপতি বলেন, ওই কারখানা তিন মাস ধরে সঙ্কটে থাকলেও বেতন বকেয়া নেই। শ্রমিকদের সঙ্গে শুক্রবার আলোচনার পর কারখানা মালিক শনিবার থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কারখানা বন্ধ রাখার নোটিশ দেন। তাতে শ্রমিকদের চলতি মাসের বেতন ১০ নভেম্বর নিয়ে যেতে বলা হয়। সংবাদ সম্মেলনে বিজিএমইএ'র সহ-সভাপতি সাংসদ টিপু বিশ্বাস বলেন, "গাজিপুরের পুলিশ সুপারকে উদ্ধৃত করে একটি পত্রিকার অনলাইনে দুইজন মারা যাওয়ার কথা প্রকাশ করা হয়। বিজিএমইএ'র পক্ষ থেকে আমি ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। পুলিশ সুপার মৃত্যুর বিষয়ে এ ধরনের কোনো মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেন।" তিনি বলেন, পুলিশ সুপার নিহত নয়, দু'জন শ্রমিক নিখোঁজ থাকার কথা ওই পত্রিকাকে জানিয়েছিলেন। সাংসদ টিপু জানান, মৃত্যুর গুজবের পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্থানীয় দুই সাংসদ, বিজিএমইএ এবং শ্রমিকদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল পুরো কারখানা তল্লাশি করে সেখানে আহত কাউকে কিংবা কারও লাশ পায়নি। এ ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসএইচ/২৩০০ ঘ.