পঞ্চগড়, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শনিবার দুপুরে জঙ্গি সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
সভা করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ১২ জন জিজ্ঞাসাবাদে বিভিন্ন পেশায় যুক্ত থাকার কথা জানিয়ে বলেছেন তারা নিউওয়ে নামের একটি কোম্পানির সদস্য। তাদের কাছে কোম্পানির কিছু কাগজপত্র পাওয়া গেছে।
আটককৃতরা হলেন- শহরের ডোকরো পাড়া মহল্লার ইসমাইল হোসেন (৪২), জালাসী মহল্লার এনামূল হক (৩২), পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবর গ্রামের রবিউল ইসলাম রফিক (১৭), বাবুল হক (২৩), আব্দুল আকিদ (১৯), তেলীপাড়ার নাছিরুল ইসলাম (১৮), বৈরাগীপাড়ার গোলাম রব্বানি (২১), টুনিরহাট বাজারের আনোয়ার হোসেন (২২), চাকলাহাট ইউনিয়নের সাজ্জাদ হোসেন স্বপন (১৮), লাঠুয়াপাড়া গ্রামের হারুনুর রশীদ (২০), বোদা উপজেলার ধামের হাট আমতলা কাজীপাড়ার ভূপাল চন্দ্র রায় ওলেন (৪০), রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া গ্রামের মাসুদুর রহমান (২৩) এবং বাড়ির মালিক সাইদুর রহমান।
এদের মধ্যে মাসুদুর রহমান চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার, রফিক মকবুলার রহমান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) দ্বিতীয় বর্ষের ও স্বপন পঞ্চগড় টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
এছাড়া এনামূল ওষুধ ও নাছিরুল শাক-সবজি বিক্রেতা, আকিদ কাঠমিস্ত্রি এবং রংপুরের মাসুদুর রহমান নিউওয়ে কোম্পানির পরিবশেক বলে নিজেদের পরিচয় দিয়েছেন।
পঞ্চগড় পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শাহারিয়ার রহমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানা হেফাজতে নেওয়া হয়েছে।" কাল (রোববার) আদালতে হাজির করা হবে।"
আটক বাড়ির মালিক সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার এই ১২ ব্যক্তি নিউওয়ে কোম্পানির কথা বলে বাসা ভাড়ার জন্য তার কাছে আসেন। শুক্রবার তাদের কাছ থেকে অগ্রিম নিয়ে তিনি বাসা ভাড়া দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০২ ঘ.
bdnews24