ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে তিন মাসের বেশি সময় বিদেশে থাকার পর শনিবার রাতে দেশে ফিরেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) মো. মমিনুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে জেনারেল মইন পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরে পৌঁছান। গালফ এয়ারের ২৪৮ নং ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্র থেকে ঢাকা এসেছেন।
গত ৭ জুলাই মইন পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্র যান।
এর কয়েকদিনের মাথায় ১২ জুলাই তার বিরুদ্ধে একশ' কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানি মামলা দায়ের করেন বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মামলাটি বিচারাধীন আছে।
সাবেক এ সেনাপ্রধানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপিসহ তার অঙ্গ সংগঠনগুলো।
গত ১৫ জুন অবসরে যান মইন উ আহমেদ। ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি। এরপর তত্ত্বাবধায়ক সরকার তার দায়িত্বের মেয়াদ এক বছর বাড়ায়।
২০০৭ সালে জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনে মইন উ আহমেদের বড় ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএম/এজে/এসএইচ/২২১৫ ঘ.
bdnews24