সিরাজগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি সংস্কারের মাধ্যমে প্রকৃত কৃষকের হাতে জমি তুলে নেওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার বাংলাদেশ কৃষক সমিতির দুদিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে।
সিরাজগঞ্জে দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন তেভাগা আন্দোলনের নেতা কামাক্ষা রায় চৌধুরী।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত কৃষকের হাতে জমি না থাকলে কোনোভাবেই খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে না।
শহরের বাজার স্টেশনে স্বাধীনতা স্কয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের পর কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেন, "দেশি-বিদেশি লুটেরাদের হাতে দেশের কৃষক, শ্রমিক, মেহনতী মানুষ আজ জিম্মি। তাদের হাত থেকে দেশ বাঁচানোর জন্য মেহনতী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থনীতি এগিয়ে নিতে হলে কৃষির পাশাপাশি মৎস্য চাষ, হাঁস-মুরগি ও পশুপালনসহ বিভিন্ন সেবা খাতের বিকাশ ঘটাতে হবে।"
কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে সহজ শর্তে ঋণ বিতরণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত এবং কৃষি উপকরণের দাম কমাতেও সরকারের প্রতি আহ্বান জানান সিপিবি সভাপতি।
তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "সাম্রাজ্যবাদ ও তাদের সহযোগীরা কৃষক সমাজসহ দেশের জনগণের এক বিরাট অংশের ওপর শোষণ-লুণ্ঠন চালাচ্ছে। কৃষক সমাজকে তাই সামন্ত অবশেষ, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে মুক্তি আনতে হবে।"
বিচারপতি গোলাম রাব্বানি বলেন, "প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। কিন্তু দেশের কৃষক ও মেহনতী মানুষ এখনও তার অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখতে হবে।"
কৃষক সমিতির কার্যকরী সভাপতি এসএমএ সবুর বলেন, "বাংলাদেশসহ সারা বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য উৎপাদন বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। কিন্তু প্রকৃত কৃষকের হাতে জমি না থাকলে কোনোভাবেই খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে না।"
সংগঠনের সাধারণ সম্পাদক মোর্শেদ আলী বলেন, "কৃষি ও কৃষক বাঁচাতে হলে ভূমি সংস্কারের মাধ্যমে প্রকৃত কৃষকের হাতে জমি তুলে দিতে হবে। পাশাপাশি কৃষি জমির ধ্বংস প্রক্রিয়া বন্ধ করতে জমি ব্যবহারের নীতিমালা প্রণয়ন করতে হবে।"
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক অতুল কুমার অঞ্জন, কেরালা রাজ্য কমিটির সম্পাদক ভি সাসানকান, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বীরেন দাশ, অজিত মুখার্জী, আলী আনসার, নিখিল ভারত কৃষক সভার সহ-সভাপতি মদন ঘোষ এবং নেপালের কৃষক ফেডারেশনের সহ-সভাপতি বলরাম বানসকোটা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জসীমউদ্দীন মণ্ডল, গণতন্ত্রী পার্টির নেতা নুরুর রহমান সেলিম, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কৃষক সমিতির নেতা হেদায়েতুল ইসলাম, ইসমাইল হোসেন, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, ফরিদপুরের ভাঙা উপজেলার চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১০৫৫ ঘ.
bdnews24