ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাতে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ নিজামউদ্দিন আহম্মেদ রাত দেড়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ সময় রাত ১২টা ২৮ সেকেন্ডে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে উত্তর-উত্তর পশ্চিমে চারশ' ৫৮ কিলোমিটার দূরে ভুটানে।
ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পরিমাপক যন্ত্রে এ ভূকম্পনটি ধরা পড়ে জানান নিজামউদ্দিন।
তিনি বলেন, "দেশের উত্তরাঞ্চলে এ ভূমিকম্পটি অনুভূত হওয়ার কথা।"
এর আগে ২১ সেপ্টেম্বর বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। চীন-ভুটান সীমান্তে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ৪ ছিল। গত ৪ সেপ্টেম্বর ভোররাতে ভারত-মিয়ানমার সীমান্তে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রকম্পিত হয় বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা।
তারও আগে ১১ আগস্ট গভীর রাতে ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই সময় বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে বাংলাদেশে সুনামির কোনও প্রভাব ছিল না।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলে আসছেন, বাংলাদেশ একটি বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। যে কোনও সময় এ ভূমিকম্প আঘাত হানতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/০১৪৮ ঘ.
bdnews24