ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায়ও তৎকালীন প্রধানমন্ত্রীর হাত রয়েছে বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার সংসদে তাপসের চাচা শেখ সেলিম বলেন, "তাপসের ওপর হামলার নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া কোনো বিবৃতি দেননি। তিনি বিবৃতি কেনো দেবেন? তিনি তো এই ষড়যন্ত্রের অংশ।"
"খালেদা জিয়ার ইন্ধন ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনাও ঘটাতে পারতেন না", দাবি করেন আওয়ামী লীগের অন্যতম এই নীতি নির্ধারক।
সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অফ অর্ডারে এই অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার শওকত আলী এই আলোচনা শেষ করে দিনের নির্ধারিত কার্যসূচিতে যেতে চাইলে আওয়ামী লীগের সাংসদরা তাপসের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রস্তাব ও সাধারণ আলোচনার দাবি জানান।
ডেপুটি স্পিকার এ পর্যায়ে শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু ও আমির হোসেন আমুকে অনির্ধারিত বক্তব্য দেওয়ার সুযোগ দেন।
আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলেন, "জিয়াউর রহমান নিজেকে রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। এখন বেরিয়ে আসছে যে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলো।
"রশিদকে জিয়া ব্যাংকক ও দুবাইতে হোটেল খরচ দিয়ে রেখেছিলেন। এই হত্যাকাণ্ডের পুরস্কার হিসেবে রশিদকে গুলশানে বাড়ি দেওয়া হয়েছে।"
খালেদা জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীকে বিরোধীদলের নেতা বানিয়েছিলেন অভিযোগ করে সাবেক মন্ত্রী সেলিম বলেন, "স্বাধীনতাবিরোধী, জঙ্গী ও '৭৫ এর খুনিরা এক হয়েছে। এই অপশক্তি এক হয়েছে-এটা সহজভাবে নিলে হবে না।"
বক্তব্যের শুরুতে বাষ্পরুদ্ধ কণ্ঠে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর ভাগ্নে সেলিম বলেন, "তাপস কে ? তার বাবা (শেখ ফজলুল হক মনি) বঙ্গবন্ধুর সঙ্গে জীবন দিয়ে গেছেন। তাপস সাড়ে তিন বছরে তার বাবা-মাকে হারিয়েছেন।"
তাপসের ওপর বোমা হামলায় শেখ সেলিম সংসদে নিন্দা প্রস্তাব নেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি আহবান জানান।
অনির্ধারিত আলোচনা অংশ নিয়ে আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "তাপসের ওপর হামলার ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন। সরকার যখন যুদ্ধাপরাধী, জেল হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার শুরু হতে যাচ্ছে তখনই এই হামলা হলো।
"বঙ্গবন্ধু হত্যা মামলার রায় যখন অনিবার্য, তখনই যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও '৭৫ এর খুনিরা একত্রিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুবিধাভোগীরা এক হয়েছে।"
বিএনপি-জামাত চক্র অসাংবিধানিক ধারায় কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমালোচনা করে সুরঞ্জিত বলেন, "আমরা আশা করেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ৩০০ ধারায় বক্তব্য দেবেন। মন্ত্রীরা হয়তো বোঝেনই না ৩০০ ধারা কী ? ৩০০ ধারায় উঠে মন্ত্রীরা স্পিকারের বিরুদ্ধে কথা বলেন।"
তিনি ক্ষুব্ধকণ্ঠে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এক জোড়া মন্ত্রী আছে। কিন্তু, তারা হাউজে দাঁড়াতে পারবেন না, তা হয় না।"
গত ১২ অক্টোবর সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে স্পিকারের বক্তব্যের জবাব দেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, "বিডিআর বিদ্রোহ তারাই করেছিলো। তাতে ব্যর্থ হয়ে তারা অন্য ষড়যন্ত্র করছে। বাংলার মাটিতে এই খুনিদের বিচার করবোই।"
সুরঞ্জিতের বক্তব্যের পর ডেপুটি স্পিকার শওকত আলী দিনের নিয়মিত কার্যসূচিতে যেতে চাইলে আওয়ামী লীগের সাংসদরা সাধারণ আলোচনার দাবি জানান। এ পর্যায়ে শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য রাখেন।
এরপর বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু।
তিনি বলেন, "যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারাই এই বোমা নিক্ষেপ করেছে। এই বোমার ঠিকানা হচ্ছে, সা
bdnews24