ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে ২০০১ সালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলায় চার মাস পর আবারও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কানিজ আকতার নাসরিনা খানমের কাছে এ মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দুইজন ডোম ও নিহতের দুই স্বজন সাক্ষ্য দেন।
সাক্ষীরা হলেন ডোম মো. আলমগীর, আবদুল আজিজ ও নিহতের ভাই মাসুদ গাজী ও চাচা মোজাম্মেল হোসেন।
বিচারক আগামী বুধবার এ মামলায় পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন।
সাক্ষীদের জবানবন্দির পর তাদের আসামিপক্ষের কয়েকজন আইনজীবী জেরা করেন।
আসামি আরিফ হাসান সুমনের আইনজীবী আমিনুল গনী টিটো, মাওলানা আ. রউফ ও মুফতি হান্নানের আইনজীবী লুৎফর রহমান সেখ, হাফেজ মাওলানা আবু তাহেরের আইনজীবী মো. জসীম উদ্দিন, মাওলানা আকবর হোসেনের আইনজীবী মাহবুবুর রহমান তাদের জেরা করেন।
জেরায় সাক্ষীরা জানান, তদন্ত কর্মকর্তা এ মামলার বিষয়ে কখনোই তাদের কোন জিজ্ঞাসাবাদ করেননি।
২০০১ সালের ১৪ এপ্রিল (১লা বৈশাখ) রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের অপর মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের জন্য পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএইচ/২১২৭ ঘ.
bdnews24