বগুড়া, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় রেক্টিফাইড স্পিরিট পান করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তবে ওই ব্যক্তির পরিবর পুলিশকে বলেছে তিনি হৃদরোগে মারা গেছেন।
মৃত ব্যক্তির নাম খাজা আকন্দ (৫০)। তিনি উপজেলার ফলবাড়ী ইউনিয়নের কাটাখালী গ্রামের কাশেম আকন্দের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার রাত ১১ টায় কাটাখালী গ্রামের একটি দোকান থেকে খাজা এবং পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের খলিলের ছেলে রিমনসহ (২৪) তিন ব্যক্তি রেক্টিফাইড স্পিরিট কিনে পান করেন।
এরপর খাজা ও রিমন অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১১ টায় মারা যান খাজা।
অসুস্থ অবস্থায় রিমনকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল তারিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোকজনের কাছে শুনেছি স্পিরিট পান করে খাজা মারা গেছেন।"
সারিয়াকান্দি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, "স্পিরিট পান করে খাজার মৃত্যুর কথা শুনেছি। তবে তার পরিবার হৃদরোগে মারা যাওয়ার একটি মেডিকেল সনদ দেখিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24