চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকে কোনও সমঝোতা না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে রাষ্ট্র মালিকানার বিআরটিসি বাস ছাড়া আরও কোনও গাড়ি চলছে না।
বিআরটিসি বাস এবং নসিমন-করিমন ও ভটভটিসহ সব অবৈধ যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাক দেয় জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও বাস মালিক সমিতি।
মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম শেলী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি এবং মটরশ্রমিক ইউনিয়ন নেতাদের বৈঠক হয়। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।"
জেলা শহরের বিভিন্ন মোড়ে পরিবহন শ্রমিকরা পিকেটিং করছে। বিভিন্ন স্থানে পুলিশও মোতায়েন রয়েছে। কেবল বিআরটিসি'র বাসগুলো শহর ছেড়ে গেছে।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি মানা না হলে উত্তরবঙ্গের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট ডাকা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৩০ ঘ.
bdnews24