খাগড়াছড়ি, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
বুধবার খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম আবুল বাশার মুন্সির আদালতে মামলাটি দায়ের করেন মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা আবুল কালাম লিডার।
আদালত আসামিদের আগামী ২২ নভেম্বর আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন- জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী, সদস্য আবু বক্কর সিদ্দিক এবং তার ভাই রুবেল।
মামলার নথি থেকে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া এলাকায় একটি বাঁধ নির্মাণ করে মাছ চাষের জন্য বাদী আর্থিক সাহায্য চেয়ে জেলা পরিষদে আবেদন করেন। পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক এ আবেদনের প্রেক্ষিতে খাদ্যশস্য বরাদ্দের জন্য বাদীর কাছ থেকে চেয়ারম্যানের না করে ৫০ হাজার টাকা উৎকোচ নেন। কিন্তু এরপরও বাদী কাজ পাননি।
এ ব্যাপারে চেয়ারম্যান রুইথি কার্বারী বলেন, দুর্নীতির অভিযোগটি বানোয়াট ও মিথ্যা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ফাঁসানোর জন্য এ কাজ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24