নরসিংদী. অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় বুধবার বিকেলে বাস চাপায় তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মার্কেটে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছয়টি দোকান, দুটটি রিকশা এবং একটি টেম্পু দুমড়েমুচড়ে যায়।
নিহত তিনজনের করোরই পরিচয় জানা যায়নি। এদের মধ্যে দু'জন পথচারী এবং একজন পাশের হোটেলে খাওয়াদাওয়া করছিলেন।
আহতদের মধ্যে খোরশেদ (৩৫), জালাল (৫০) ও বাবুলকে (২৭) নরসিংদী জেলা হাসপাতালে এবং আমীর হোসেন (৫০) ও জায়েদুলকে (১৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত উল্লা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাবার হোটেলে উঠে যায়।
একই সময় বাসটি একটি মুদি দোকান, একটি চা দোকান, একটি লেপতোষকের দোকান, একটি ফলের দোকান, একটি সেলুন দুমড়েমুচড়ে দেয়। বাসটি আটক করা হয়েছে।
এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নরসিংদী জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. শেলী রানী ধাম জানান, আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24