বরিশাল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন লাগার পরও চলতি বছরের ডিসেম্বর মধ্যেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই পৌঁছে দেওয়া হবে বলে আবারও আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
গত ১৮ অক্টোবর তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেদিনও শিক্ষামন্ত্রী বলেছিলেন, বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম ব্যাহত হবে না।
নাহিদ বুধবার বরিশালে ৩৮তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিসেম্বর মধ্যেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই পৌঁছে দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, "দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান যাতে বজায় থাকে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
রাজনৈতিক কারণে একটি মহল প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ বলেন, "জাতীয় শিক্ষানীতি সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করা হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. নোমান উর রশিদ। দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ প্রতিযোগী চার দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24