২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন সিংয়ের সহযোগী তপন গ্রেপ্তার

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরির সঙ্গে জড়িত বলে অভিযুক্ত জীবন সিংয়ের সহযোগী সন্দেহে তপন পাটোয়ারীকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 07:56 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরির সঙ্গে জড়িত বলে অভিযুক্ত জীবন সিংয়ের সহযোগী সন্দেহে তপন পাটোয়ারীকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তপন ওরফে পলাশ দাশকে (৩০) মঙ্গলবার খলিল সর্দার মসজিদের পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তপনকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।" ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতের নাগরিক তপন সে দেশের বিদ্রোহী দল কামতাপুর লিবারেশন অরগানাইজেশন (কেএলও) এর চেয়ারম্যান জীবন সিংয়ের বন্ধু। জীবন সিং এর বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত বছর তার এক আরেক সহযোগীকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/১৩৪০ ঘ.