ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারে মামলায় কোনো প্রভাব পড়বেনা বলে মন্তব্য করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ।
মঙ্গলবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "যারা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন তারাই সমস্যায় পড়বেন। কেননা তাদের বক্তব্যের ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ রয়েছে।"
তদন্ত কর্মকর্তা জানান, জবানবন্দি প্রত্যাহার করলেও মামলার তদন্তে কোনো প্রভাব পড়বেনা। মামলার তদন্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ বিডিআর সদস্য মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২৩৫ঘ.
bdnews24