চাঁদপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের রসু খাঁ'র খুনের সহযোগী সন্দেহে গ্রেপ্তার দু'জনকে চারদিন হেফাজতে রেখে (রিমান্ড) জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।
তবে তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এই দুজন হলেন- মানিক (৩২) ও বছির উল্লাহ রাঢ়ী ওরফে বসু (৪০)।
রসুকে নিয়ে গত বুধবার রাতভর টঙ্গীতে অভিযান চালিয়ে মানিক ও বসুসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মানিকের স্ত্রী সুফিয়া বেগমকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় মানিক ও বসুকে।
এদিকে রোববার আদালত রসুকে আরও দ্ুিদন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেম জানান, জিজ্ঞাসাবাদে মানিক ও বসু'র কাছ থেকে নতুন কিছু পাওয়া যায়নি। তবে রসু তাদের পরিচিত এবং তারা রসুকে ভালভাবে চেনেন বলে জানিয়েছেন।
তবে তারা বলেছেন, রসু যে একজন খুনি তা তারা জানেন না। খুনের ঘটনাগুলোর সঙ্গে তারা সম্পৃক্ত নন।
পুলিশ কর্মকর্তা বলেন, "তথ্য বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বুধবার এ দু'জনকে রসুর মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের আদেশ চাওয়া হবে আদালতে।"
চাঁদপুর সদর মডেল থানার এসআই আবদুর রহিম বলেন, রসু বর্তমানে কারাগারে রয়েছেন। শনিবার তাকে হেফাজতে নিয়ে উপজেলার দক্ষিণ বালিয়া এলাকায় কোহিনুর হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বছরের ২২ অক্টোবর কোহিনুরের লাশ উদ্ধার করা হয়।
গত ৭ অক্টোবর টঙ্গীর মিরাশপাড়া থেকে ফ্যান চুরির মামলায় রসুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি চাঁদপুরে ১১ নারীকে হত্যার কথা জানান। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে প্রতিটি হত্যার ঘটনার বিবরণ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24