২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রী আকর্ষণে মৈত্রীর নতুন আয়োজন

ঢাকা-কলকাতা ট্রেন মৈত্রী এক্সপ্রেসে বদলানো হচ্ছে মালামাল বহন পদ্ধতি; শুল্ক আনুষ্ঠানিকতাও পাল্টাচ্ছে; কমছে যাত্রা সময়। যাত্রী আকর্ষণে মৈত্রীর নতুন আয়োজনের খবর শোনাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 05:09 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনে যাত্রী টানতে এবার মালামাল বহনের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রস্তাবিত এ ব্যবস্থায় যাত্রীরা যাত্রা শুরুর স্টেশনে রেলকর্মীদের কাছে তাদের মালামাল জমা দেবেন এবং গন্তব্যে পৌঁছে তা আবার সংগ্রহ করবেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন মালামাল বহন ব্যবস্থা চালুর জন্য আমরা গত ১০ অক্টোবর ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছি। "আমাদের প্রস্তাব অনুযায়ী, শুল্ক আনুষ্ঠানিকতা শেষে যাত্রীরা তাদের মালামাল যাত্রা শুরুর স্টেশনে (ঢাকা বা কলকাতা) জমা দেবেন এবং গন্তব্য স্টেশনে পৌঁছার পর তা সংগ্রহ করবেন।" তবে বেলায়েত হোসেন বলছেন, "ভারত সরকার প্রস্তাবটি অনুমোদন করার পরই নতুন এ নিয়ম কার্যকর হবে।" রেল কর্মকর্তারা বলছেন, নতুন এ ব্যবস্থায় যাত্রীরা সীমান্তবর্তী স্টেশনে দ্বিতীয়বারের মতো শুল্ক পরীক্ষার জন্য মালামাল বহনের ঝামেলা থেকে মুক্তি পাবেন। ২০০৮ সালের ১৪ এপ্রিল চালু হওয়ার পর একপর্যায়ে মৈত্রীর গড় যাত্রী সংখ্যা ৩০ এর ঘরে নেমে আসে। রেলওয়ে কর্মকর্তারা এর অন্যতম কারণ হিসেবে আগের সময়সূচিকে চিহ্নিত করেন। আগামী ১ নভেম্বর থেকে ভ্রমণসময় আরও ৩০ মিনিট কমবে বলেও জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক মো. শাহজাহান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "ভ্রমণসময় কমাতে আমরা ট্রেনের মধ্যেই শুল্ক আনুষ্ঠানিকতা চালু করারও প্রস্তাব দেবো।" পহেলা নভেম্বর থেকে ঢাকা ছেড়ে যাওয়া মৈত্রী ট্রেনের কলকাতায় পৌঁছাতে পৌনে ১২ ঘন্টার বদলে সোয়া ১১ ঘন্টা সময় লাগবে জানিয়ে তিনি বলেন, "ভারতীয় কর্তৃপক্ষ স্থানীয় একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে। এটির কারণেই ঢাকাগামী ট্রেনের চেয়ে কলকাতাগামী ট্রেনের এক ঘন্টারও বেশি সময় লাগে।" কলকাতা থেকে ছেড়ে আসা ট্রেনটির ঢাকা পৌঁছাতে ১০ ঘণ্টা ৫০ মিনিট সময় লাগে বলেও জানান তিনি। তবে ভারতের স্থানীয় ট্রেনটির কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময় বেশি লাগে। মো. শাহজাহান জানান, নতুন প্রস্তাব নিয়ে আগামী ১২-১৪ নভেম্বর কলকাতায় অনুষ্ঠেয় দু'দেশের রেলওয়ে কর্মকর্তাদের তিনদিনের বৈঠকে আলোচনা হবে। আসন্ন এ আলোচনায় মো. শাহজাহানও অংশ নিতে যাচ্ছেন। মৈত্রী ট্রেনের যাত্রী কম হওয়ার অন্যতম কারণ হিসেবে দু'দেশের সরকারের রেলওয়ে কর্মকর্তারা শুল্ক পরীক্ষায় পাঁচ ঘণ্টার বেশি সময় ব্যয়ের বিষয়টি চিহ্নিত করেছেন। তারা বলছেন, বেশিরভাগ যাত্রীই সীমান্তবর্তী স্টেশনে এতো দীর্ঘ সময় ট্রেনের মধ্যে অলস বসে থাকার বিষয়টি পছন্দ করছেন না। এ ছাড়া দুবার শুল্ক পরীক্ষার জন্য স্টেশনে মালামাল বহনেও যাত্রীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। চালুর পর প্রথমদিকে সীমান্তর্র্বতী দুই স্টেশন বাংলাদেশের দর্শনা এবং ভারতের গেদেতে শুল্ক ও অভিবাসন আনুষ্ঠানিকতার জন্য আড়াই ঘণ্টা করে পাঁচ ঘণ্টাসহ ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে ১৩ ঘণ্টারও বেশি সময় লাগতো। গত ১ আগস্ট রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্তবর্তী স্টেশন দুটিতে শুল্ক ও অভিবাসন আনুষ্ঠানিকতার সময় পাঁচ ঘণ্টা থেকে কমিয়ে তিন ঘণ্টা করে। এ ছাড়া সময়সূচিতেও পরিবর্তন আনা হয়। নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি শনিবার একটি বাংলাদেশী ট্রেন কলকাতার উদ্দেশে যাত্রা করে সেখান থেকে পরদিন ফেরত আসে। অন্যদিকে একটি ভারতীয় ট্রেন প্রতি মঙ্গলবার ঢাকার উদ্দেশে কলকাতা ছেড়ে আসে এবং বুধবার তা আবার ফিরে যায়। এর আগে একটি বাংলাদেশী ট্রেন শনিবার কলকাতা রওনা হয়ে পরদিন ফিরে আসতো। আবার একটি ভারতীয় ট্রেন শনিবার ঢাকা পৌঁছে পরদিন কলকাতা ফিরে যেতো। রেলওয়ে'র তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর ৫৩ ও ৪ অক্টোবর ৫৬ জন যাত্রী মৈত্রীতে ভ্রমণ করেন। ২৪ অক্টোবর ভ্রমণ করেন ৮৪ জন এবং ২৫ অক্টোবর তা বেড়ে হয় ১০০। ঢাকা-কলকাতা যাত্রাপথে মোট তিনশ' ৯৮ কিলোমিটার দূরত্বের মধ্যে বাংলাদেশ অংশে ২৭৮ কিলোমিটার এবং ভারতীয় অংশে পড়েছে ১২০ কিলোমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এসএইচ/এমআই/১১০০ ঘ.